Reform Uk এর প্রস্তাব: ক্ষতিপূরণ দাবিকারী দেশের নাগরিকদের ভিসা বন্ধ

Reform Uk এর প্রস্তাব: ক্ষতিপূরণ দাবিকারী দেশের নাগরিকদের ভিসা বন্ধ

    


Reform UK জানিয়েছে, যেসব দেশ দাসপ্রথার ক্ষতিপূরণ দাবি করছে, সেসব দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে ভিসা দেওয়া বন্ধ করা হতে পারে।

দলের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ বলেন, ক্ষতিপূরণের দাবি “অপমানজনক” এবং গত ২০ বছরে এমন দেশগুলোর নাগরিকদের প্রায় ৩.৮ মিলিয়ন ভিসা দেওয়া হয়েছে।

চার শতাব্দী ধরে যুক্তরাজ্যসহ সাতটি ইউরোপীয় দেশ ১৫ মিলিয়নের বেশি আফ্রিকান মানুষকে দাস হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে নিয়ে যায়। ইতিহাসবিদরা বলেন, এই দাস বাণিজ্যের সম্পদ পশ্চিমা শিল্পায়নে বড় ভূমিকা রেখেছে।

সম্প্রতি ইউএন ট্রান্সআটলান্টিক দাস বাণিজ্যকে “মানবতার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধ” বলে উল্লেখ করে ক্ষতিপূরণের আহ্বান জানায়। এই প্রস্তাবকে সমর্থন করে আফ্রিকান ইউনিয়ন ও ক্যারিবিয়ান কমিউনিটি।

তবে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন ভোট থেকে বিরত থাকে এবং ইউএস প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।

জিয়া ইউসুফ বলেন, “ইতিহাসকে ব্যবহার করে যুক্তরাজ্যের অর্থ আদায়ের চেষ্টা করা হলে ‘ব্যাংক বন্ধ এবং দরজা তালাবদ্ধ’ থাকবে।” তিনি আরও বলেন, জামাইকা , নাইজেরিয়া এবং ঘানা ক্ষতিপূরণের দাবি বাড়াচ্ছে।

এর আগে রিফর্ম ইউকে ক্ষতিপূরণ দাবি করা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বন্ধের কথাও বলেছিল।

২০২৩ সালে প্যাট্রিক রবিনসনের একটি প্রতিবেদনে বলা হয়, ট্রান্সআটলান্টিক দাসপ্রথার ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাজ্যকে ২৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত দিতে হতে পারে।