আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত একুশের কথা ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত একুশের কথা ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়

বাংলাভাষী ডেস্ক 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত একুশের কথা ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয় লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়। তিনি বলেন "ভাষার এই মাসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা শহীদদের—সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। আমরা গভীরভাবে স্মরণ করছি 

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ও অকুতোভয় সৈনিক  ধীরেন্দ্রনাথ দত্ত কে

তিনি ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকেও সরকারি ভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন। ধীরেন্দ্রনাথ দত্তের এই ঐতিহাসিক প্রস্তাবই ভাষা আন্দোলনের সূচনা করে।"

সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্যের মধ্যে বলেন - "

আমাদের আরও গৌরবের বিষয় যে,

১৯৯৯ সালে UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর ফলে একুশে ফেব্রুয়ারি কেবল বাঙালির গর্বের দিনই নয়, বরং বিশ্বের সব ভাষাভাষী মানুষের জন্য ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকারের দিন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রবাসে বসবাস করেও আমরা আমাদের শেকড় ভুলে যাইনি। যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটি আজ গর্বের সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে চলেছে। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা, বাংলা সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়া এবং ভাষা আন্দোলনের ইতিহাসকে জীবন্ত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।" 

উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার হেনা বেগম, সহ সভাপতি মো: রহমত আলী, সহ সম্পাদক এম মোসাইদ খান সহ অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব। হেনা বেগমের আন্তরিক পরিচালনায় একে একে কবিতা পড়েন এম মোসাইদ খান, মজিবুল হক মনি, মির মাহবুবুল আলম, আসমা অতিন, চৌধুরী শামসুদ্দিন, সালমা বেগম, শাহ সুহেল, সাওদা মুমিন, ইমদাদুন খান, শাহীন রশিদ, মোহাম্মদ মুহিদ, জেসিকা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি, মো: রহমত আলী, কামাল কাদের সহ আরো অনেকে। বক্তব্য রাখেন ইউকে রিপোটার্স ইউনিটির প্রাক্তন সভাপতি আব্দুল বাসির, সাধারণ সম্পাদক এ রহমান অলি। কবিতা আর আলোচনায় একুশের অনুষ্ঠানটি নান্দনিকতায় ভরে ওঠে। সব শেষে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের কবিতা পাঠ এবং সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।