সিলেটে নারী আসনে বিএনপির  শাম্মী আক্তার ও জহরত আদিব মনোনয়ন দিয়েছেন

সিলেটে নারী আসনে বিএনপির  শাম্মী আক্তার ও জহরত আদিব মনোনয়ন দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সিলেটে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একাধিক হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে জায়গা করে নিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার এবং নতুন মুখ হিসেবে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, শাম্মী আক্তার এর আগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে সময় মনোনয়ন না পেলেও দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখায় এবার তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন জহরত আদিব চৌধুরী। তিনি প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

সিলেট বিভাগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও ছিলেন তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) ও মুনমুন তালুকদার। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে শেষ পর্যন্ত তারা মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারেননি।