তারেক রহমানের মন্ত্রীসভায় সিলেট থেকে ৩ জনকে আমন্ত্রণ

তারেক রহমানের মন্ত্রীসভায় সিলেট থেকে ৩ জনকে আমন্ত্রণ

দীর্ঘ ২০ বছর পর আজ মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরিবর্তিত প্রেক্ষাপটে সময়ের প্রয়োজন বিবেচনায় রেখে নতুন মন্ত্রিসভা মোটামুটি চূড়ান্তও করা হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন ও পুরোনোদের মিশেলে এই মন্ত্রিসভার আকার শুরুতে ছোট হচ্ছে।

মন্ত্রীসভায় সিলেট থেকে ৩ জন রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

খন্দকার আবদুল মুক্তাদিরের মন্ত্রী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। তিনি বলেন, সোমবার বিকেলে মন্ত্রীপরিষদ থেকে ফোন দিয়ে আজ শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার জন্য একজন পিএসও অ্যাসাইন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে, (সংসদ সদস্যদের) শপথের পরপরই তাঁদের সংসদীয় দলের প্রধান নির্বাচিত করবেন। এদিন বিকেল ৪টায় একইস্থানে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।’