প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সিলেটে দুইজন গ্রেফতার

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সিলেটে দুইজন গ্রেফতার

সুবর্ণা হামিদ

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বন্দরবাজারের পেপার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য কোতোয়ালী থানার আওতাধীন পেপার পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানের সময় কয়েকজন চাঁদাবাজ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইউসুফ মিয়া (৩৬), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চেঙ্গাটি গ্রামের বাসিন্দা, বর্তমানে সিলেটের ছড়ারপাড় এলাকায় বসবাসরত; এবং আব্দুল ছাত্তার (৩৭), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে তালতলা এলাকায় থাকেন।
স্থানীয় হকার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্ট ও আশপাশ এলাকায় হকারদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা আদায় করছিল।
এ বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৬১, তারিখ ২৯ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৩৮৫/৩৪ ধারায় মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।