কেন্টে মেনিনজাইটিস আতঙ্ক: দুইজনের মৃত্যু, সতর্কতায় স্বাস্থ্য কর্তৃপক্ষ বাংলাভাষী ডেস্ক
বাংলাভাষী ডেস্ক
ব্রিটেনের কেন্ট এলাকায় মেনিনজাইটিসের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু হয়েছে। ফেভারশামের কুইন এলিজাবেথস গ্রামার স্কুলের ১৮ বছর বয়সী শিক্ষার্থী জুলিয়েট এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী এক শিক্ষার্থীর সপ্তাহান্তে এই সংক্রমণে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ক্যান্টারবুরি এলাকায় মেনিনজাইটিস ও সেপটিসিমিয়ার লক্ষণসহ মোট ১৩টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝুঁকিপূর্ণদের মধ্যে সতর্কতামূলকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করতে ক্যান্টারবুরি এলাকার ৩০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সংস্থাটি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মেনিনজাইটিস একটি দ্রুত ছড়িয়ে পড়া এবং প্রাণঘাতী সংক্রমণ, তাই কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। মেনিনজাইটিস মূলত মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণে প্রদাহ, যা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের কারণে হয় এবং ব্যাকটেরিয়াল ধরনটি বেশি ঝুঁকিপূর্ণ।
রোগটির সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে হঠাৎ জ্বর, তীব্র মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো সহ্য না হওয়া, বমি, বিভ্রান্তি ও খিঁচুনি। গুরুতর অবস্থায় ত্বকে লাল বা বেগুনি দাগ দেখা দিতে পারে, যা গ্লাস চাপলেও মিলিয়ে যায় না, পাশাপাশি অচেতন হয়ে যাওয়া, শ্বাসকষ্ট এবং শরীর দুর্বল হয়ে পড়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে মাথার নরম অংশ ফুলে ওঠা, খেতে না চাওয়া, অস্বাভাবিক কান্না এবং শরীর ঢিলে বা শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেনিনজাইটিস প্রতিরোধে কার্যকর টিকা রয়েছে এবং ব্রিটেনে এটি জাতীয় স্বাস্থ্যসেবার নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত। তাই সচেতনতা ও দ্রুত চিকিৎসাই এই প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষার প্রধান উপায়।


