আশ্রয় প্রার্থীরা ব্রিটেন ছাড়ালে ৪০ হাজার পাউন্ড পাবে

আশ্রয় প্রার্থীরা ব্রিটেন ছাড়ালে ৪০ হাজার পাউন্ড পাবে

যুক্তরাজ্যে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া কিছু পরিবারের জন্য নতুন একটি পাইলট কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি হলে প্রত্যেক ব্যক্তিকে £১০ হাজার পর্যন্ত এবং একটি পরিবারকে সর্বোচ্চ £৪০ হাজার পর্যন্ত আর্থিক প্রণোদনা দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার এ পরিকল্পনার কথা জানান যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি বলেন, শুরুতে সীমিত সংখ্যক পরিবারকে নিয়ে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ চালু করা হবে।

মন্ত্রী জানান, এই পরিকল্পনা ডেনমার্কে চালু হওয়া অনুরূপ নীতির আদলে তৈরি করা হয়েছে। তাঁর দাবি, সেখানে প্রণোদনা দিয়ে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে।

শাবানা মাহমুদ বলেন, “এই সরকার এখন ব্যর্থ আশ্রয়প্রার্থীদের কিছু পরিবারের জন্য একই ধরনের একটি মডেল পরীক্ষামূলকভাবে চালু করবে। এতে প্রত্যেক ব্যক্তিকে £১০ হাজার পর্যন্ত এবং পরিবারপ্রতি সর্বোচ্চ £৪০ হাজার পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ কার্যকর হলে করদাতাদের অর্থ সাশ্রয় হবে। কারণ আশ্রয়প্রার্থীদের আবাসন ও সহায়তায় সরকারের ব্যয় উল্লেখযোগ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেউ যদি স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি না হন, তাহলে যেসব ক্ষেত্রে সম্ভব হবে সেখানে তাদের নিরাপদ নিজ দেশে জোরপূর্বক ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া যেসব পরিবারে শিশু রয়েছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া কীভাবে মানবিক ও কার্যকরভাবে পরিচালনা করা যায়—সে বিষয়ে সরকার বর্তমানে পরামর্শ নিচ্ছে বলেও জানান তিনি।

শাবানা মাহমুদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরও কিছু পরিবার যুক্তরাজ্যে থেকে যেতে পারছে—এমন ধারণা তৈরি হয়েছিল। তাঁর মতে, এতে অনেকে শিশুদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ যাত্রায় উৎসাহিত হয়েছে।

সরকার বলছে, নতুন উদ্যোগের লক্ষ্য হলো স্বেচ্ছায় প্রত্যাবর্তনকে উৎসাহিত করা এবং একই সঙ্গে অভিবাসন ব্যবস্থার নিয়ম বাস্তবায়ন নিশ্চিত করা।

সূত্র: দ্য গার্ডিয়ান